আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগাল্যান্ড রাজ্যে ভেজাল মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত দুই দিনে রাজ্যের মোকোচং ও টুয়েনসাং জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গত দুই দিনে মোকোচং জেলায় ৮ জন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে এবং প্রায় ৩,০০০ বোতল মদ জব্দ করেছে। মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে ইতোমধ্যে খাদ্যের নমুনা গুয়াহাটিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ বিক্রয় ও পানের ওপর নিষেধাজ্ঞা আইন চালু রয়েছে। তা সত্ত্বেও কীভাবে এই অবৈধ ও ভেজাল মদের বিস্তার ঘটল, তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেলেও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করছে না।
এদিকে, প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের অজানা, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া মদ পানের পর যদি কারও মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো কোনো লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available