আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে নয়জন বন্দি এবং কারাগারে স্বজনের সঙ্গে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের।
সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
পরে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন এএফপির একজন প্রতিবেদক।
সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, সংঘর্ষে নয়জন বন্দি ও কারাগারে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন বন্দি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র। দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে মাদক কারবারিদের মধ্যে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটছে। তবে কারাগারের সর্বশেষ সংঘর্ষের সঙ্গে কার্টেলের দ্বন্দ্বের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে ছয়টি মেক্সিকান অঙ্গরাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সিনালোয়া তার একটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available