আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের কয়েকটি দেশে সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঘটনায় সাইবার হামলার সন্দেহ দেখা দিয়েছে। সুইডেন, বেলজিয়াম ও লুক্সেমবার্গের বিভিন্ন সুপারমার্কেট চেইনে এ ধরনের ঘটনা ঘটেছে।
এর আগে, গত মাসে ফ্রান্সেও একই ধরনের হামলার ঘটনা ঘটে।
সাইবার আক্রমণের শিকার ইউরোপের বেশ কিছু দেশের সুপারমার্কেটের ফ্রিজার। সুইডিশ সংবাদমাধ্যম আফটনব্লাডেটকে ২ নভেম্বর সোমবার দেশটির সুপারমার্কেট চেইন কোপ জানায়, তাদের ৬টি দোকান এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেক চেইন আইসিএ জানিয়েছে, কয়েকটি দোকানের ফ্রিজার ও রেফ্রিজারেটরের কার্যক্রম ব্যাহত হয়েছে।
এদিকে বেলজিয়ামের সংবাদমাধ্যম ল্য সোয়ার জানিয়েছে, দেশটির কয়েক ডজন দোকান ও সুপারমার্কেট এ ঘটনার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত শীতলীকরণ যন্ত্রগুলো বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করতে রাতভর কাজ করতে হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হ্যাকাররা দূর থেকে শীতলীকরণ যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রার সেটিংস পরিবর্তন করছে। এতে ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি থেকে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যাচ্ছে।
এর আগে, ফ্রান্সে একই ধরনের সাইবার হামলায় দেশটির সর্বোচ্চ ৭০০টি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা আক্রান্ত হয়েছিল। এতে বিপুল পরিমাণ হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হয়। কিন্ত কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available