আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যাত্রীবাহী একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানা গেছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে।
আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি বা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন লাগার কথা শুনে তার ঘুম ভেঙে যায়। চারদিকে তখন ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগ না পেয়ে তিনি দ্রুত বের হওয়ার চেষ্টা করেন।
ওই যাত্রী আরও জানান, বাসের ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় যাত্রীদের বের হতে বেশ বেগ পেতে হয়। ঘন ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অন্য এক ব্যক্তি তাকে বাস থেকে বের হতে সহায়তা করেন।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available