ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ মাসের শিশু নাফিজকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের সুজি আরা বেগম (৩৫) ও তার স্বামী মানিকুজ্জামান (৩২)।
২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে হাজারবিঘি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন তার ১১ মাস বয়সী ছেলে নাফিজকে ঘরে শুইয়ে রেখে রান্নার কাজে যান। দুপুর ১২টার দিকে ঘরে ফিরে তিনি শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রুবেলের প্রতিবন্ধী ভাতিজি জানায়, হাজারবিঘি বাজারে কেক কিনতে যাওয়ার সময় পাকা সড়কের ওপর বোরকা পরা এক নারী নাফিজকে নিয়ে চলে যেতে দেখেছে সে।
পরে এ ঘটনায় রুবেল হোসেন শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজি আরা বেগমকে শনাক্ত করে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নাফিজ সুস্থ ছিল বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available