আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ১৩ নভেম্বর শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধের ঘটনা এটি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল এফএএ।
এফএর নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর থেকে নতুন কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির সব বিমানবন্দরে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলাচলের রুট নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা ইতোমধ্যে ত্রুটি শনাক্ত ও সমাধানে কাজ শুরু করেছেন। পরিস্থিতির নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
এর আগে শিকাগোতেও বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সংস্থাটি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সংকট চলছে। পুরোনো প্রযুক্তি, যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর ঘাটতির কারণে খাতটি চাপে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো অবকাঠামো পরিবর্তন করে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।
এ উদ্যোগ বাস্তবায়নে গত বছর মার্কিন কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available