আন্তর্জাতিক ডেস্ক: ভবিষ্যতে যেকোনো ধরনের সামরিক সংঘাত মোকাবেলায় প্রস্তুতি হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা রাখা হবে না। অর্থাৎ, যেকোনো হুমকির জবাবে প্রয়োজন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি জানিয়েছেন, হালনাগাদ করা সামরিক লক্ষ্যবস্তুর তালিকায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নির্দেশনার প্রতিফলন ঘটেছে।
খামেনেইয়ের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি রাখতে হবে।
হায়দারি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার কাজ সম্পন্ন হয়েছে। এটি সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের কাছে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে এবং তা সেনাবাহিনী ও আইআরজিসির কমান্ডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’
ভবিষ্যতে নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে ইরানের প্রতিক্রিয়া অত্যন্ত কঠোর হবে বলেও সতর্ক করেছেন এই সামরিক কর্মকর্তা।
হায়দারির ভাষায়, ভবিষ্যতে সংঘাত দেখা দিলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়া শত্রুপক্ষের জন্য ‘সত্যিই পঙ্গু করে দেওয়ার মতো’ হবে।
তার এই বক্তব্যের মধ্য দিয়ে সম্ভাব্য সামরিক সংঘাত মোকাবিলায় ইরানের প্রস্তুতি এবং যেকোনো হামলার জবাবে কঠোর অবস্থান নেওয়ার বার্তা সামনে এসেছে। সূত্র: মিডল ইস্ট আই
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available