আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান রাজনৈতিক ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'ভুক্ত দেশগুলোর প্রতিনিধি দল আজ ইরানের রাজধানী তেহরানে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসতে যাচ্ছে। মূল উদ্দেশ্য—সংকট নিরসনে আলোচনার পথ সুগম করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে পৌঁছানো।
সৌদি আরবের কূটনীতিক রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করবেন।
রায়েদ ক্রিমলি উল্লেখ করেন, চলমান সংকট কাটাতে জোটের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টারই অংশ এই তেহরান সফর। এতে করে সহিংসতা কমানোর পাশাপাশি সংঘাতরত পক্ষগুলোর মধ্যে সংলাপ ও টেকসই সমাধানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া চলমান এ সংকটে কাতার ও পাকিস্তান যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, তাকে সার্বিক সহায়তা ও সমর্থন দেওয়াও এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।
সৌদির এই কূটনীতিক আরও বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জোটভুক্ত দেশগুলো কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই উদ্দেশ্য অর্জনে অঞ্চলের সকল দেশের সঙ্গেই সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available