• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০৩:২১ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

১১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:৫৭

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিকও রয়েছেন। খবর রয়টার্সের।

১০ অক্টোবর শনিবার সৌদি কর্তৃপক্ষ হতাহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে। চলতি সপ্তাহে রিয়াদের প্রধান বিমানবন্দরে এটি তৃতীয় হামলার ঘটনা।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। হামলায় আহত ৩০৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাসেবা দিতে ব্যাপক চাপ তৈরি হয়।

গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার আগে সৌদি আরবের সতর্কীকরণ ব্যবস্থা থেকে কোনো সংকেত দেওয়া হয়নি। এর আগে চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলায় চারজন নিহত হন। এ ছাড়া বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা সৌদি আরবের একটি বাণিজ্যিক উড়োজাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। ইয়েমেন সরকারের বাহিনীকে স্থলযুদ্ধে সহায়তা করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে হুথিদের ধারাবাহিক প্রাণঘাতী হামলা সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরব ও ইয়েমেন সরকারের দাবি, হুথি নিয়ন্ত্রিত এলাকায় তারা শত শত হামলা চালিয়েছে। অন্যদিকে, হুথিদের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

হামলার পর শনিবার রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। প্রায় ৮০ লাখ মানুষের শহরটির প্রধান বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুথিদের গণমাধ্যম কার্যালয়ের প্রধান দাবি করেন, তারা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার গত সোমবার থেকে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করে গোষ্ঠীটি। একই সঙ্গে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানায় তারা।

এ হামলার জবাবে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন বিষয়টি বিবেচনা করতে পারে।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তা করতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই পেয়েছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর ভাষায়, এ হামলা ‘নিরীহ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা’ প্রকাশ করে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০