• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২৭:০৭ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

‘কিং অব ইনজাস্টিস’

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য

৮ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৩:০৮

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের বাইরে প্রদর্শিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল নগ্ন সোনালি ভাস্কর্য। ‘অরেঞ্জ প্লেগ’ নামে পরিচিত প্রায় সাড়ে ৮ ফুট উচ্চতার ভাস্কর্যটি ‘কিং অব ইনজাস্টিস’ নামেও পরিচিত।

ডেনিশ শিল্পী জেন্স গ্যালশিয়টের তৈরি ভাস্কর্যটিতে ট্রাম্পকে পোশাকহীন অবস্থায় দেখানো হয়েছে। তাঁর এক হাতে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে গলফ ক্লাব ও পৃথিবীর মতো দেখতে একটি গলফ বল রয়েছে। আরেকজন তুলনামূলক ছোট আকৃতির পোশাক পরা মানুষের কাঁধে চেপে বসে আছেন ট্রাম্প।

স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্ত করা ব্যস্ততম মোড়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

ভাস্কর্যের বেদিতে লেখা হয়েছে, একজন মানুষের পিঠে চেপে বসে থাকার প্রতীকী বার্তা। এতে বলা হয়েছে, নিজের ভারে ওই ব্যক্তি তলিয়ে গেলেও তার পিঠ থেকে নামবে না ভাস্কর্যের চরিত্রটি।

শিল্পী জেন্স গ্যালশিয়ট বলেন, নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার পথে ট্রাম্প বড় হুমকিগুলোর একটি। তাঁর ভাষ্য, এই ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে।

গ্যালশিয়ট জানান, বিখ্যাত রূপকথা ‘সম্রাটের নতুন পোশাক’ থেকে ভাস্কর্যটি তৈরির অনুপ্রেরণা পেয়েছেন তিনি। ওই গল্পে এক অহংকারী রাজা নিজেকে দামি পোশাকে সজ্জিত মনে করলেও বাস্তবে তিনি ছিলেন নগ্ন। ভয় ও চাটুকারিতার কারণে কেউ সত্যটি প্রকাশ না করলেও শেষ পর্যন্ত একটি শিশু রাজাকে নগ্ন বলে দেয়।

ইউরোপীয় পার্লামেন্টে ভাস্কর্যটি প্রদর্শনের জন্য শিল্পীকে আমন্ত্রণ জানান ডেনমার্কের বামপন্থি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পার ক্লাউসেন। ট্রাম্পের প্রতিক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন।

এর আগে গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও ভাস্কর্যটি প্রদর্শিত হয়। চলতি বছর জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও এটি প্রদর্শিত হয়েছিল।

ইউরোপীয় পার্লামেন্টে ভাস্কর্যটি স্থাপন নিয়ে হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

প্রতিবাদের প্রতীক হিসেবে দর্শনার্থীদের ভাস্কর্যটির ছোট সংস্করণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যালশিয়ট ভাস্কর্যটির ত্রিমাত্রিক মুদ্রণযোগ্য নকশার ফাইল অনলাইনে প্রকাশ করেছেন।

ট্রাম্পকে নিয়ে তৈরি সোনালি ভাস্কর্য এটাই প্রথম নয়। গত এপ্রিলে মিয়ামিতে তাঁর একটি গলফ কোর্সে ‘ডন কলোসাস’ নামে ১৫ ফুট উচ্চতার আরেকটি সোনালি ভাস্কর্য উন্মোচন করা হয়। সেখানে পোশাক পরা ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া মিয়ামিতে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে ট্রাম্পের দুটি বিশাল সোনালি ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

সূত্র: রয়টার্স, টেলিগ্রাফ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ থেকে শুরু রাওয়া বইমেলা
আজ থেকে শুরু রাওয়া বইমেলা
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৮:০৬


তিনি এখন ড. লিওনেল মেসি
তিনি এখন ড. লিওনেল মেসি
৮ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১:০০