আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দুই ইরানি কূটনীতিককে দেশ ছাড়তে বাধ্য করেছে মার্কিন প্রশাসন। এর আগে তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা নিউইয়র্কে অবস্থান করছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিতে কঠোর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও দুই ইরানি প্রতিনিধি নিউইয়র্কে অবস্থান করছিলেন। পরে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানি স্থায়ী মিশনকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া পুরো ইরানি প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। অধিকাংশ সদস্য দেশ ছাড়লেও ওই দুই কূটনীতিক নিউইয়র্কে থেকে যান।
এরপর শুক্রবার ইরানি মিশনকে আবারও জানানো হয়, ওই দুই কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিষয়টি মার্কিন প্রশাসনের নজরে এসেছে। তাদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত একজন কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে অবস্থান করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। তবে আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর অ্যাক্সিওস জানিয়েছিল, রুবিও ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। মার্কিন এক কর্মকর্তা তখন বলেছিলেন, সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরও ইরানি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা নিয়ে ওয়াশিংটন অসন্তুষ্ট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available