আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত ৯৬ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত ও আফগানিস্তানের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে তারা।
শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য জানায় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তবে পাকিস্তানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ভারত ও আফগানিস্তানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান থেকে কথিত দায়েশ সদস্যরা সীমান্ত পেরিয়ে পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে ২৮ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান বাহিনী।
আফগানিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’ বলে উল্লেখ করেছে। নুরিস্তান বা আফগানিস্তানের অন্য কোনো এলাকায় অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ বা প্রশিক্ষণ এবং আফগানিস্তানে সক্রিয় দায়েশ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগও পাকিস্তান অস্বীকার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলার জন্য ভারত ও আফগানিস্তান থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো সহায়তা পাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে ভারত ও আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুল অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় না।
এদিকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি, এসব হামলা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল। একই সঙ্গে আফগান তালেবানকে বৈরী তৎপরতা বন্ধ এবং আফগান ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available