আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত ৭ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ড্রোন, গোলাবর্ষণ ও আকাশ থেকে বোমা হামলায় শহরটির পাঁচটি এলাকায় ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার হানঝা।
রয়টার্স জানিয়েছে, হামলায় শহরের বিভিন্ন দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে আগুনে পুড়ে যাওয়া যানবাহন এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখা গেছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা হামলাটিকে বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর রাশিয়ার চলমান হামলার অংশ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন, দেশটির ব্যবসা ও অবকাঠামোতে হামলা রাশিয়ার বৃহত্তর চাপ সৃষ্টির কৌশলের অংশ।
এদিকে একই দিনে ইউক্রেনের সুমি শহরের একটি বিপণিবিতানেও রুশ ড্রোন হামলা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেখানে দুইজন নিহত ও ২০ জন আহত হন।
অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারাও ইউক্রেনীয় ড্রোন হামলায় নিজেদের ভূখণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতির দাবি করেছেন। কৃষ্ণসাগরীয় শহর সোচিতে সমুদ্র ড্রোন হামলায় আটজন আহত হওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে থাকে। চলমান পাল্টাপাল্টি হামলায় সাম্প্রতিক সময়ে দুই দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাও ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available