আন্তর্জাতিক ডেস্ক: মাদক সেবনের পর পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান। এ সময় তার তিন বছর বয়সী সন্তানকে রাস্তার পাশে একা ঘুরতে দেখা যায়। সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করায় আদালত তাকে জরিমানা ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন পশ্চিম লন্ডনে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কোকেন সেবনের পর অচেতন হয়ে পড়েন ৩২ বছর বয়সী মেহরা। এ সময় শিশুটি অভিভাবকহীন অবস্থায় ঘোরাফেরা করতে থাকে এবং একপর্যায়ে দ্রুতগতির যানবাহনের কাছাকাছি চলে যায়।
পুলিশ পৌঁছানোর আগপর্যন্ত পথচারীরা শিশুটির দেখাশোনা করেন। প্রায় ৩০ মিনিট পর মেহরার জ্ঞান ফেরে। তখন আশপাশের মানুষের উদ্বেগের জবাবে তিনি বিরক্তি প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলার শুনানিতে সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মেহরা। তবে তার আইনজীবী দাবি করেন, ঘটনার দিন তিনি কোকেন সেবন করেননি; আগের কয়েক দিনে মাদক সেবনের কারণে তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। মেহরাকে তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার হয়নি বলে আদালতে জানানো হয়।
মেহরার আইনজীবী আদালতে বলেন, নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত এবং মাদকাসক্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার পর তাকে মাদকাসক্তির চিকিৎসার জন্য একটি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়।
বিচারক জনসন কেসি বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটি গুরুতর বিপদের মুখে পড়তে পারত। যানবাহনের ধাক্কায় আহত হওয়া, হারিয়ে যাওয়া কিংবা অপরিচিত কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এ ছাড়া কাছাকাছি প্রাপ্তবয়স্কদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির মানসিক ক্ষতি হতে পারত।
আদালত মেহরাকে দুই বছরের কমিউনিটি আদেশের আওতায় রেখে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের সূত্রে আমিরাতের রাজপরিবারের সদস্য হওয়া মেহরা যুক্তরাজ্যে প্রতি মাসে আট হাজার পাউন্ড সরকারি ভাতা পান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available