আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।
এদিকে সংবাদমাধ্যম বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা ভুলবশত ৯ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বড় একটি অংশে তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগর ঘিরে বিস্তৃত ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে ভূত্বকের বিভিন্ন পাতের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ঘটে।
এর আগে গত বছরের জুলাইয়ে কামচাতকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available