আন্তর্জাতিক ডেস্ক: টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডের উপকূলে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘ সামরিক মিশন শেষে পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে রণতরীটি থাইল্যান্ডের লেম চাবাং বন্দরে অবস্থান করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান শেষে রণতরীটি থাইল্যান্ডে পৌঁছেছে। পাঁচ দিনের বিরতিতে এতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য বিশ্রামের সুযোগ পাবেন।
সাধারণত মার্কিন নৌবাহিনীর নিয়মিত সামরিক মিশন ছয় থেকে নয় মাস স্থায়ী হয়। তবে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এসব মিশনের মেয়াদ আরও দীর্ঘ হতে পারে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে জাহাজে থাকা নৌসদস্যদের মধ্যে মানসিক চাপ তৈরি হওয়ার বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে প্রায় ৫ হাজার মার্কিন সামরিক সদস্যের সাময়িক আগমনকে কেন্দ্র করে থাইল্যান্ডের পর্যটননির্ভর শহর পাতায়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে মার্কিন সেনাদের আগমনকে ঘিরে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পাতায়ার প্রধান সমুদ্রসৈকত ও বিনোদন এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত সপ্তাহান্তে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ যৌনকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available