আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রেখে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি। ২০ আগস্ট বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজন সদস্য। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত স্থানেই ওই পূজার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নাম দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেস ক্লাবের দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।
বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের ভাষ্য, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। তবে এর সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
সংগঠনটি আরও জানায়, হলটি শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়াটেরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available