আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০০ জনের বেশি অনিয়মিত অভিবাসী পৌঁছেছেন। তাদের বড় একটি অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদমাধ্যম দিমোক্রাতিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদন অনুযায়ী, লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা কয়েকটি নৌকায় করে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিটের দক্ষিণাঞ্চলে পৌঁছান। এতে দ্বীপটির অভ্যর্থনা ও সাময়িক আবাসনকেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলের কাছে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকা শনাক্ত করে। পরে গ্রিক কোস্ট গার্ড একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাই শুরু হয়।
এর কয়েক ঘণ্টা আগে দুটি পৃথক নৌকা থেকে আরও ১১২ জনকে উদ্ধার করা হয়। প্রথম নৌকার ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকার ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরের নাগরিক ছিলেন। অর্থাৎ ওই দুই নৌকায় উদ্ধার হওয়া ১১২ জনের মধ্যে ৭২ জনই বাংলাদেশি।
উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিটে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় কেন্দ্রটি তাদের সাময়িকভাবে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর, দিমোক্রাতিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available