আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে সামরিক পণ্য বহনকারী ইউক্রেনের অন্তত দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের মাইকোলাইভ বন্দরের অবকাঠামোতেও হামলার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে মাইকোলাইভ বন্দরের একটি ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। রাশিয়ার দাবি, ওই স্থাপনাগুলো সামরিক পণ্য সরবরাহ ও মজুদের কাজে ব্যবহৃত হতো।
এ হামলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিক্যান্ট সংরক্ষণের ট্যাংকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মস্কো।
এ ছাড়া ওডেসা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরের উদ্দেশে সামরিক পণ্য বহনকারী একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের সামরিক সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত জাহাজ ও বন্দর অবকাঠামো। তবে জাহাজ দুটি পুরোপুরি ধ্বংস হয়েছে কি না বা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় রাশিয়া ও ইউক্রেনের সামরিক তৎপরতা বেড়েছে। দুই পক্ষের হামলায় তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন নৌযান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available