• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৪৭:০০ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারতে বিক্ষোভের মধ্যেই এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত

২৫ জুলাই ২০২৬ দুপুর ১২:০৭:৪২

ভারতে বিক্ষোভের মধ্যেই এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পরীক্ষা পরিচালনাকারী সংস্থাটির কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়েও বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে বদলি করে পঞ্চায়েতি রাজ বিভাগের সচিব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। এছাড়া স্কুল শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন টি. কে. অনিল কুমার।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএনআইকে জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর এনটিএকে ঢেলে সাজানোর উদ্যোগের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে নয়াদিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের পর দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারী সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সরকারি বাসভবনের পরিবর্তে নিরপেক্ষ একটি স্থানে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।

সিজেপির দাবি, তাদের উত্থাপিত তিনটি প্রধান দাবির মধ্যে দুটি নীতিগতভাবে সরকার মেনে নিয়েছে। তবে শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আরও একদিন সময় চেয়েছে।

বৈঠক শেষে জে. পি. নাড্ডা বলেন, আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। এসব বিষয়ে আলোচনা শেষে পরবর্তী বৈঠকে সরকারের অবস্থান জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮


Follow Us