• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:৪৬:৪৬ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

২৬ দিন পর অনশন ভাঙলেন ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা

২৪ জুলাই ২০২৬ সকাল ০৭:৫১:৫৬

২৬ দিন পর অনশন ভাঙলেন ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সমাজকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের অনশন ভেঙেছেন। সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এবং আন্দোলন ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যন্তর মন্তরের আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—সরকারের এমন আশ্বাস পাওয়ার পর ২৩ জুলাই বৃহস্পতিবার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশন ভাঙেন ওয়াংচুক।

গত ২৮ জুন থেকে সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে ছিলেন ৫৯ বছর বয়সী ওয়াংচুক। টানা অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে অনশনের ২১তম দিনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং হাসপাতালের কেবিনে উপস্থিত থেকে ওয়াংচুককে পানীয় গ্রহণে সহায়তা করছেন। সেখানে তার স্ত্রী গীতাঞ্জলি আংমোকেও দেখা যায়।

অনশন ভাঙার পর এক্সে দেওয়া পোস্টে ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর এবং সম্ভাব্য সহিংসতার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই একটি ভিডিও বার্তায় সিদ্ধান্তের শর্তগুলো বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার এবং যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া পৃথক এক বার্তায় ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ওয়াংচুক যেন দ্রুত আগের শারীরিক অবস্থায় ফিরে আসেন।

এদিকে দিল্লি হাই কোর্ট প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছে। একই সময়ে যন্তর মন্তরে সিজেপির আন্দোলন অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সংঘর্ষের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us