আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
১৭ জুলাই শুক্রবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আমরা একটি অনুরোধ পেয়েছি। সেটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। এ-সংক্রান্ত আইনি ও বিচারিক বিষয়গুলোও পর্যালোচনায় রয়েছে।”
একই ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে আরেক ব্যক্তির প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে প্রশ্ন করলে জয়সওয়াল বলেন, ওই নির্দিষ্ট মামলার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারবেন না।
তিনি আরও বলেন, যেকোনো প্রত্যর্পণের অনুরোধই সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে বিবেচনা করা হবে।
এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং তা আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে তিনি অন্যান্য পলাতক নেতাদের সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনার একটি মন্তব্য ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তার সরকারের পতন ঘটে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available