আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের ধাক্কায় স্কুল বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুই শিক্ষার্থী, বাসচালকসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
১৭ জুলাই শুক্রবার সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এরপর স্কুল বাসটি রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নিমতিতা-কাটোয়াগামী একটি লোকাল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং এর ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে পড়ে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে শিক্ষার্থী বহনকারী বাসটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনটির মুখোমুখি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যান এবং একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে লোকসভার সাবেক সদস্য ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এ দুর্ঘটনার জন্য গেটম্যানের চরম অবহেলাকেই দায়ী করেন।
আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available