আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানি বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত কোন দিকে মোড় নেয়, তার ওপরই আগামী দিনে তেলের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে। বর্তমানে বিশ্ববাজারে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়লে বা ইরানের তেল রপ্তানির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে, যা দামের ওপর আরও ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করবে।
উল্লেখ্য, বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available