• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০৭:১১ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

তিন দেশের নাগরিকদের প্রবেশ স্থগিত করল সৌদি আরব

২৭ জুন ২০২৬ সকাল ১১:৪২:২২

তিন দেশের নাগরিকদের প্রবেশ স্থগিত করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য ভিসা ইস্যু এবং সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, নিষেধাজ্ঞাটি শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়, তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে কেউ যদি এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তাহলে তিনিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

একই সঙ্গে সৌদি নাগরিকদেরও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়াকায়া’ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইবোলার সংক্রমণ প্রতিরোধে দেশটির সব প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর তারা সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us