আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে উপকূলের কাছে, কুজি শহরের উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। ভূমিকম্পের কম্পন উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় এবং টোকিওতেও হালকা কম্পন টের পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জাপান সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নে জরুরি টিম সক্রিয় করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সুনামির কোনো আশঙ্কা নেই এবং পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেআর ইস্ট বা ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি উত্তর জাপানের কিছু বুলেট ট্রেন ও স্থানীয় রেলসেবা সাময়িকভাবে স্থগিত করে। নিরাপত্তা যাচাই শেষে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। ফলে শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক মাথায় রেখে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন, এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available