আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালী ঘিরে নৌ অবরোধ তুলে নেওয়া হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ এপ্রিল বুধবার তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এ বার্তা দেন।
ট্রাম্প লিখেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে চায় না; তারা চায় এটি খোলা থাকুক, যাতে তারা প্রতিদিন বিপুল অর্থ আয় করতে পারে। তবে তিনি দাবি করেন, বর্তমানে প্রণালীটি কার্যত অবরুদ্ধ থাকায় ইরান শুধু ‘সম্মান রক্ষার’ কথা বলছে।


তিনি আরও বলেন, নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে কোনো চুক্তি আর সম্ভব হবে না।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়্যিদ ইরভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে, তবে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। বুধবার ইরানের স্টুডেন্ট নেটওয়ার্ক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরভানি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের শামিল। এই অবরোধ প্রত্যাহার করা হলেই পরবর্তী দফার আলোচনা শুরু করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যেখানে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও রাডার লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
পরবর্তীতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমঝোতা হয়নি।
ইরানের লিগাল মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত হামলায় মোট তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এখনো চারটি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available