আন্তর্জাতিক ডেস্ক: কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশের পশুর হাটের নানা গল্প আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলছে। এবার নারায়ণগঞ্জের এক খামারের বিরল প্রজাতির একটি মহিষ স্থান করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর পাতায়। প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো (ধবল) মহিষটির নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে—‘ডোনাল্ড ট্রাম্প’।
মাথার ওপর সোনালী চুলের বিশেষ ঝুঁটি আর অবয়বের কারণে মহিষটির এই নামকরণ করা হয়েছে, যা বিশ্ব গণমাধ্যমের নজর কেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে যা বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের একটি এগ্রো ফার্মে এই বিরল সাদা মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। সাধারণত বাংলাদেশে কালো রঙের মহিষ দেখা গেলেও, এই মহিষটির গোলাপি নাক, সাদাটে শরীর এবং মাথার সামনের অংশের সোনালী চুল একে অনন্য করে তুলেছে। খামারির দাবি, এই চুলের স্টাইলের কারণেই মূলত মার্কিন প্রেসিডেন্টের সাথে মহিষটির এক অদ্ভুত সাদৃশ্য তৈরি হয়েছে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
রয়টার্সের কাছে খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘আমার ছোট ভাই এই মহিষটির নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ, এর মাথার সামনের চুলগুলো দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো।’

আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে মহিষটির স্বভাব ও লালন-পালনের বিবরণও উঠে এসেছে। বিশাল আকৃতির এবং ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে হলেও মহিষটি আসলে অত্যন্ত শান্ত স্বভাবের। খামারিরা জানিয়েছেন, অ্যালবিনো প্রজাতির এই প্রাণীরা সাধারণত বেশ ভদ্র প্রকৃতির হয় এবং কেউ উসকানি না দিলে এরা হিংস্র আচরণ করে না।
তবে একে সুস্থ ও সতেজ রাখতে বেশ বেগ পেতে হয়েছে খামার কর্তৃপক্ষকে। রয়টার্সকে খামারি জানান, এই বিশেষ মহিষটিকে দিনে চারবার গোসল করাতে হয় এবং নিয়ম করে দিনে চার বেলা পুষ্টিকর খাবার দিতে হয়।
ঈদের আগে দর্শনার্থীদের জন্য এটি খামারে বড় আকর্ষণ হলেও রয়টার্স জানিয়েছে, মহিষটি ইতোমধ্যে একজন ক্রেতার কাছে কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে এবং তাকে ক্রেতার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে।
রয়টার্স তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে এ ধরনের বিশাল আকৃতির বা ভিন্ন চেহারার পশুকে ঘিরে এক ধরণের উন্মাদনা কাজ করে। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করতে খামারিরা প্রায়শই আলোচিত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে পশুর নামকরণ করে থাকেন। এবারের ঈদে নারায়ণগঞ্জের এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হয়ে সেই তালিকায় এক নতুন মাত্রা যোগ করল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available