আন্তর্জাতিক ডেস্ক: জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নির্বাচনে জয়লাভ এবং সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ায় তিনি এ শুভেচ্ছা জানান।

পৃথক এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বিএনপির এই বিশাল জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।


প্রেসিডেন্ট জারদারি এক বিবৃতিতে ২৯৯টি আসনে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটারের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের এই নির্বাচন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য পুরোনো ধাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। তিনি অভিযোগ করে বলেন, এতদিন আঞ্চলিক সহযোগিতা—বিশেষ করে সার্ক-এর (SAARC) কার্যক্রম ভারতের কাছে জিম্মি ছিল। ১৯৮৫ সালে বাংলাদেশে জন্ম নেওয়া এই মহান সংস্থাটিকে ভারত পঙ্গু করে রেখেছে।
তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ দক্ষিণ এশিয়ায় আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক তৈরিতে সহায়ক হবে।
প্রেসিডেন্ট জারদারি বাণিজ্য, প্রতিরক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক ফোরামগুলোতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্থায়িত্ব, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available