আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৪ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনি বাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে ১৩ জন ভারতীয় নাবিক এবং একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন।
ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে এমএসভি ফাইজে নুরে অলিয়া নামের জাহাজটি হামলার শিকার হয়। ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (গার্ডস অব দ্য রিপাবলিক) এক বিবৃতিতে জানায়, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সব নাবিককে উদ্ধার করে মোখা বন্দরে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির বন্দর, নৌপরিবহন ও পানিপথবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নাবিকদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং ঘটনার তদন্তে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available