আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। খবর আল জাজিরার।
১২ নভেম্বর বৃহস্পতিবার এ তথ্য জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেখানকার সিভিল ডিফেন্স।
তাদের দেওয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত সার্জারি বিভাগ লক্ষ্য করে চালানো ওই হামলায় হতাহতদের বেশিরভাগই ছিলেন চিকিৎসাধীন রোগী। গত কয়েক বছরের মধ্যে গাজার দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান এই হাসপাতালে সপ্তমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
নাসের হাসপাতালটি বর্তমানে খান ইউনিস এলাকায় টিকে থাকা একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। এটির উপর ওই অঞ্চলের অন্তত পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য নির্ভরশীল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে অবস্থান করা এক হামাস সদস্যকে লক্ষ্য করে তারা এই অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে হামাস এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
আন্তর্জাতিক আইনে হাসপাতাল নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হলেও গাজায় চলমান এই সংঘাতে বারবার তা হামলার শিকার হচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available