• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৫৭:১৭ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

বিক্ষোভের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

২২ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৪:০২

বিক্ষোভের জেরে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এ সিদ্ধান্তে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

সাময়িকভাবে বন্ধ রাখা স্টেশনগুলো হলো- লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

গত সোমবার ও মঙ্গলবার সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবং পরে কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে নয়া দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত-যুক্তরাষ্ট্র চুক্তিবিরোধী আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও বিক্ষোভ চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর ভেতরের আন্দোলন আরও বিস্তৃত হওয়া ঠেকাতে এবং বহিরাগত বিক্ষোভকারীদের দিল্লিতে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও অন্যান্য সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ ঘোষণা করা স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও প্রস্থান পুরোপুরি বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে না থেমে চলাচল করবে।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সর্বশেষ সেবাসংক্রান্ত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
হাম ও উপসর্গে প্রাণহানি ৮০০ ছাড়াল
২২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪১:৪৯






Follow Us