• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:২৫:৫৫ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমার টিকেট বিক্রির রেকর্ড

২২ জুলাই ২০২৬ দুপুর ০২:১৫:৪৯

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমার টিকেট বিক্রির রেকর্ড

বিনোদন ডেস্ক: মুক্তির আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি।

আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি দ্রুত বাড়ছে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বুকিং কয়েক গুণ বেড়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২১ জুলাই মঙ্গলবার সকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।

পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নজিরও স্থাপন করতে পারে বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’ এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। সিনেমাটি ২৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us