• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:১৪:১৭ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

সিরিয়ায় ‘রেড লাইন’ অতিক্রম করেছে তুরস্ক: ইসরায়েল

২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৬

সিরিয়ায় ‘রেড লাইন’ অতিক্রম করেছে তুরস্ক: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর তুরস্কের পরিকল্পনা নিয়ে দেশটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার দাবি করেছেন, সিরিয়ায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে তুরস্ক—এমন গোয়েন্দা তথ্য ইসরায়েলের হাতে এসেছে।

২০ আগস্ট বৃহস্পতিবার ‘দ্য জেরুজালেম পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন, তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েল ও সিরিয়ার মধ্যে হওয়া একটি সমঝোতার ‘রেড লাইন’ বা সীমা অতিক্রম করেছে। তবে ইসরায়েল তুরস্ক কিংবা সিরিয়া—কোনো দেশের সঙ্গেই যুদ্ধ বা উত্তেজনা চায় না বলেও জানান তিনি।

লেইটারের দাবি, তুরস্কের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েল আগেই সতর্ক করেছিল। সেই সতর্কবার্তায় সাড়া না পাওয়ার পরই সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যেই মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোর কাছে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। সিরীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটিতে অন্তত আটবার হামলা হয়েছে। পরে উপগ্রহচিত্রেও বিমানঘাঁটির রানওয়ের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল বার্তাটি স্পষ্ট করে দিয়েছে: আর নয়।’ হামলার সমালোচনা করেছে তুরস্ক ও সিরিয়া—উভয় দেশই।

লেইটারের ভাষ্য অনুযায়ী, তুরস্কের সামরিক তৎপরতা ইসরায়েল ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রশাসনের মধ্যে হওয়া একটি সমঝোতার বিরোধী। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ওই সমঝোতা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল সিরিয়ার সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি অপরিবর্তিত রাখা।

‘দ্য জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ওই সমঝোতা পুনরায় নিশ্চিত করা হয়। বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক, ইয়েখিয়েল লেইটারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেইটার বলেন, পরিস্থিতি অপরিবর্তিত রাখার অর্থ হলো তুরস্ক তাদের অবস্থান পরিবর্তন করবে না এবং ইসরায়েলও তাদের অবস্থান থেকে সরে যাবে না। একই সঙ্গে তুরস্ক ইসরায়েলকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করবে না।

সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের সামরিক উপস্থিতির তুলনা করে লেইটার বলেন, ইসরায়েল সিরিয়ার মাত্র ৭৮ বর্গমাইল এলাকায় একটি নিরাপত্তা অঞ্চলের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে, গত কয়েক বছরে তুরস্ক উত্তর সিরিয়ার প্রায় ৩ হাজার ৫০০ বর্গমাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেন তিনি। তার হিসাবে, এই এলাকা সিরিয়ার মোট ভূখণ্ডের প্রায় ৫ শতাংশ।

লেইটারের দাবি, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনাই ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক ছাড়া দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেননি। তার মতে, এর কারণ হলো সিরিয়ার পরিস্থিতি অপরিবর্তিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি।

তবে সিরিয়া ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাতে যেতে চায় না বলে মনে করেন লেইটার। তিনি বলেন, সিরীয়রা ইসরায়েলের সঙ্গে সংঘাতে যেতে চায় না—এটি তাদের কাছে স্পষ্ট। তুরস্কের কিছু পরিকল্পনা সিরিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে তুরস্ক ও সিরিয়ার বক্তব্যের মধ্যেও পার্থক্য রয়েছে বলে দাবি করেছেন লেইটার। তার ভাষ্য অনুযায়ী, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্বীকার করেছেন যে ইসরায়েলি হামলার কয়েক দিন আগে তুরস্কের একটি প্রতিনিধিদল সিরিয়ায় গিয়েছিল। তবে তুরস্ক ওই সফরের কথা অস্বীকার করেছে।

উত্তেজনার মধ্যেও পরিস্থিতি অনুকূলে এলে সিরিয়ার সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন লেইটার। তুরস্কের সঙ্গেও আলোচনায় বসার আগ্রহের কথা জানান তিনি। তবে তুরস্কের শীর্ষ নেতাদের ইসরায়েলবিরোধী বক্তব্যের সমালোচনা করেন এই ইসরায়েলি রাষ্ট্রদূত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিভিন্ন ইসরায়েলবিরোধী বক্তব্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ইসরায়েলবিরোধী মন্তব্যের কথা উল্লেখ করেন লেইটার। একই সঙ্গে হামাসের নেতাদের আশ্রয় দেওয়া এবং হামাস ও হিজবুল্লাহকে তুরস্কের সমর্থনের অভিযোগও করেন তিনি। তুরস্ক এসব অভিযোগের বিষয়ে কী বলেছে, তা সাক্ষাৎকারে স্পষ্ট করা হয়নি।

লেইটারের মতে, লেবানন ও সিরিয়ায় তুরস্কের সামরিক ও রাজনৈতিক প্রভাব বাড়ানোকে ইসরায়েল ইতিবাচকভাবে দেখছে না। তবে কয়েক দশক আগে ইসরায়েল ও তুরস্কের মধ্যে যে সম্পর্ক ছিল, তা পুনরুদ্ধারের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তার মতে, দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রাখা গুরুত্বপূর্ণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
২১ আগস্ট ২০২৬ সকাল ১০:০২:৩২


নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:১০