• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৪:০৪ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

১০ আগস্ট ২০২৬ সকাল ০৮:০৭:৫৫

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী।

৯ আগস্ট রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

দূতাবাসের শ্রম কাউন্সেলর জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী নিহতরা সবাই বাংলাদেশি। তবে আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচয় শনাক্তের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতদের পরিচয় শনাক্ত এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।

মন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের কার্যক্রম ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
১০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৩১