স্পোর্টস ডেস্ক: কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বছর শেষ করল আর্জেন্টিনা। ১৭ নভেম্বর মঙ্গলবার কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। খবর ইএসপিএনের।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিওনেল স্কালোনির দল। ৮ মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজ ব্যবধান দ্বিগুণ করেন। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আলভারেজও নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমে ৪৮ মিনিটে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ষষ্ঠ গোলটি করেন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
প্রথমার্ধে জোড়া গোল করা পাজ ও আলভারেজকে বিরতির পর আর মাঠে নামাননি কোচ স্কালোনি। তাঁদের পরিবর্তে সুযোগ পাওয়া মাস্তানতুয়োনোও জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
এর আগে আন্তর্জাতিক বিরতির প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে বড় জয় দিয়ে সেই হতাশা কাটাল বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি-পরবর্তী সময়ে তরুণ ফুটবলারদের পারফরম্যান্সও দলটির জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available