• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৩৪:৪১ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলতে চায় না কোনো দলই: দেশম

১৮ জুলাই ২০২৬ সকাল ১০:৪৩:২০

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলতে চায় না কোনো দলই: দেশম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের। এবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আজ ১৮ জুলাই শনিবার মায়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে লে ব্লুরা।

তবে ম্যাচটির আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম স্বীকার করেছেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে তাদের কারও আগ্রহ নেই। তবুও জাতীয় দলের জার্সির মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো কোচিং স্টাফের দায়িত্ব শেষ লক্ষ্যটি অর্জন করা। অবশ্যই এটি ফাইনালের মতো নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।’

তিনি বলেন, জাতীয় দলের জার্সি গায়ে উঠলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তাই দলের লক্ষ্য এখন ব্রোঞ্জ পদক জয়।

দেশম আরও নিশ্চিত করেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে এটিই তার শেষ ম্যাচ।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য তৃতীয় স্থান অর্জন করা। জাতীয় দলের জার্সি পরলে দায়িত্ব পালন করতেই হবে। আমার কাছে পরিষ্কার, এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছেই, কিন্তু জীবন তো থেমে থাকে না।’

এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে জানিয়েছেন, সেমিফাইনালে হারের হতাশা এখনো দলের মধ্যে রয়েছে। তবে বিদায়ী কোচকে জয় উপহার দিতে মুখিয়ে আছেন তারা।

কোনাতে বলেন, ‘আমাদের কেউই এই ম্যাচ খেলতে চাইনি। কিন্তু এখন এটিই বাস্তবতা। কোচ দেশম ফ্রান্সের জন্য অনেক কিছু করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। তাই শেষ ম্যাচে জয় এনে তাকে সুন্দরভাবে বিদায় জানাতে চাই এবং ব্রোঞ্জ পদক জিততে সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় দিয়ে হতাশার আসর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us