• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:৫২:৪৮ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পৃথক চারটি দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

১৮ জুলাই ২০২৬ সকাল ১০:৫৩:৫৫

টাঙ্গাইলে পৃথক চারটি দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

১৭ জুলাই বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১১টার মধ্যে উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া ও কাটরা এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে জিকুল হোসেন (১৮), নীলফামারী সদর উপজেলার বেংমারী সাহাপাড়া গ্রামের আজাহার মিয়ার ছেলে সামসুর রহমান সাজ্জাত (৩১), মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের সুশান্ত রাজবংশী (১৮), গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৬৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ী গ্রামের জুলহাস মোল্লা (৪৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে নৌকাটি এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে জিকুল হোসেন ও সামসুর রহমান সাজ্জাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আহত রবিন মিয়া, লিটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসান কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বহুরিয়া গ্রামের সুশান্ত রাজবংশী বৃহস্পতিবার রাত ১০টার দিকে মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রতন, লিটন, গোলক, আশিক, প্রদীপ, লোকনাথ ও প্রকাশ রাজবংশী আহত হন।

অন্যদিকে শুক্রবার সকাল ৭টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিটের অভিযানের পর তার মরদেহ উদ্ধার করে।

এ ছাড়া শুক্রবার বেলা ১১টার দিকে জামুর্কী ইউনিয়নের কাটরা এলাকায় লৌহজং নদী থেকে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, পৃথক অভিযানে মন্দিরাপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us