• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৪৩:৪২ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-কঙ্গো

১ জুলাই ২০২৬ রাত ০৯:২১:৫৬

টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-কঙ্গো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়ের পর অঘটনের শঙ্কা আরও জোরালো হয়েছে। এমন বাস্তবতায় শেষ ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্কবার্তা দিয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার মতে, নাম, র‍্যাঙ্কিং কিংবা অতীতের সাফল্য নয় মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ম্যাচের ফল।

১ জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, চলতি বিশ্বকাপে ফেভারিট ও অপেক্ষাকৃত দুর্বল দলের ব্যবধান আগের চেয়ে অনেক কমে এসেছে। প্রতিটি ম্যাচেই বড় দলগুলোকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, আর ছোট দলগুলোও শৃঙ্খলাবদ্ধ ফুটবল ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে।

কানাডা, দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, “এখন প্রতিটি ম্যাচই কঠিন। ব্যবধান খুবই সামান্য। তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।”

ডিআর কঙ্গোকে ভয়ংকর প্রতিপক্ষ উল্লেখ করে ইংল্যান্ড কোচ বলেন, দলটি সংগঠিত রক্ষণ গড়ে তুলতে পারে এবং দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে বিপদে ফেলতে সক্ষম। ফেভারিট হিসেবে মাঠে নামলে চাপও বেশি থাকে বলে স্বীকার করেন তিনি।

তবে সেই চাপ সামলাতে আত্মবিশ্বাসী টুখেল। তিনি বলেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হবে। র‍্যাঙ্কিং নয়, মাঠের সিদ্ধান্তই শেষ কথা।’

অন্যদিকে, মনস্তাত্ত্বিক চাপ ইংল্যান্ডের দিকেই ঠেলে দিয়েছেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। তিনি বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। চাপ পুরোপুরি ইংল্যান্ডের ওপর।’

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো ইতোমধ্যে গ্রুপ পর্বে নজর কেড়েছে। তবে দেসাব্রের মতে, তাদের মূল লক্ষ্য পূরণ হলেও এখন ইংল্যান্ডের বিপক্ষে আরও বড় চমক দেখানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড অনেক এগিয়ে। কিন্তু আমরা প্রমাণ করেছি, বড় দলের বিপক্ষেও সমানতালে লড়াই করা সম্ভব।’

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরির ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। হ্যামস্ট্রিং চোটের কারণে রিস জেমস এবং গোড়ালির চোটে জ্যারেল কোয়ানসা ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে পারবেন না।

নকআউট পর্বের এই ম্যাচে তাই ফেভারিটের তকমা থাকলেও ইংল্যান্ডের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। অঘটনের শঙ্কা এড়িয়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us