স্পোর্টস ডেস্ক: ইসরায়েলি ফুটবলে দীর্ঘদিনের বর্ণবাদ ও বৈষম্যমূলক আচরণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) বড় অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটির প্রতিবেদন অনুযায়ী, আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। মূলত দেশটির ক্লাব 'বেইটার জেরুজালেম'-এর সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী আচরণ এবং আরব ফুটবলারদের লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে না পারায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিফা এই পরিস্থিতিকে ওই ফুটবল সংস্থার একটি 'প্রাতিষ্ঠানিক সমস্যা' হিসেবে চিহ্নিত করেছে।


২০২৪ সালে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বৈষম্যের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ফিফার কাছে আইএফএ-র সদস্যপদ স্থগিতের দাবি জানায়। ফিফা ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি সরাসরি গ্রহণ না করলেও, তাদের কর্মকাণ্ডকে ফিফার সংবিধির পরিপন্থী বলে রায় দিয়েছে।

আর্থিক জরিমানার পাশাপাশি ইসরায়েল ফুটবল সংস্থাকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে আগামী তিনটি আন্তর্জাতিক ম্যাচে তাদের 'ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড—নো টু ডিসক্রিমিনেশন' (ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে—বৈষম্যকে না বলুন) স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরিমানার অর্থের এক-তৃতীয়াংশ বাধ্যতামূলকভাবে বৈষম্য বিরোধী সচেতনতামূলক কার্যক্রমে ব্যয় করতে হবে।
তবে অধিকৃত পশ্চিম তীরের বসতিগুলোতে ইসরায়েলি ক্লাবগুলোর ফুটবল কার্যক্রম নিয়ে ফিলিস্তিনের তোলা পৃথক অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি ফিফা। ওই বিষয়টি নিয়ে তদন্ত চললেও আপাতত কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available