বিনোদন ডেস্ক: দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন মাইলফলক গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
বর্তমানে পরীমনির ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যার দিক থেকে এখন শীর্ষ অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ও সরব উপস্থিতিই পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সন্তানদের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ, ফটোশুট এবং নতুন কাজের খবর নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এতে অনুসারীদের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি কন্যাসন্তানের সঙ্গে খুনসুটির একটি ভিডিও প্রকাশ করে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘সাজুনি বুড়ি দেখেন’। পোস্টটি ২২ ঘণ্টার মধ্যে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় দুই হাজার মন্তব্য এবং প্রায় ১৫ লাখ ভিউ পায়। এর আগের দিন তাঁর পোস্ট করা একটি সাধারণ ছবিতেও ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।
ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষে ওঠার বিষয়ে পরীমনি বলেন, “আমার জীবনের ছোট ছোট বিষয়গুলো আমি সবার সঙ্গে খোলা মনে ভাগ করে নিতে ভালোবাসি। আমার জীবনে কোনো ধরনের লুকোচুরি নেই। বাস্তবে আমি যা, ফেসবুকেও তার প্রতিফলন থাকে। হয়তো সে কারণেই মানুষ আমাকে এতটা আপন মনে করেন। তাঁদের ভালোবাসার মূল্য আমি সব সময় দেওয়ার চেষ্টা করব। মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই।”
উল্লেখ্য, ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে শীর্ষস্থান নিয়ে পালাবদল নতুন নয়। ২০২৩ সালেও দুজনের অনুসারীর সংখ্যা কাছাকাছি ছিল। তবে সাম্প্রতিক সময়ে অনুসারীর ব্যবধান বাড়িয়ে এবার এককভাবে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available