বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০২৬ সালের ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।
২০ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তুষি। আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানান, পুরস্কারটি তার জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের।

তুষি জানান, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই সিনেমার পুরো দলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছিল। এশিয়ার সেরা ও মৌলিক গল্পগুলো হলিউডের মঞ্চে বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরার এই আয়োজন তাদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। সেখানে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরেছেন তারা।
এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা সব সময় তার সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে ছিলেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
পুরস্কারটি শুধু নিজের একার অর্জন নয় বলেও মনে করেন তুষি। তার ভাষায়, এই সম্মাননা ‘রইদ’ চলচ্চিত্রের পুরো দল, কলাকুশলী এবং সিনেমাটি নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের।
পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ জানিয়ে সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available