• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৯:৩৩ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

৪ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:৩৭

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

বিনোদন ডেস্ক: সময়ের সঙ্গে বদলেছে প্রেম ও সম্পর্কের সংজ্ঞা। আগের প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্মের তরুণরা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন। বিয়ের আগে দুজন মানুষের মধ্যে গভীর মানসিক কিংবা শারীরিক সম্পর্ক তৈরি হওয়াকেও এখন আগের মতো অস্বাভাবিকভাবে দেখা হয় না। নতুন প্রজন্মের সম্পর্কের এই পরিবর্তন নিয়ে নিজের মতামত জানিয়েছেন পরিচালক কিরণ রাও।

‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এক সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন কিরণ। তার পরিচালিত গল্পে নতুন প্রজন্মের প্রেমের যে ভিন্ন চিত্র উঠে এসেছে, সেই প্রসঙ্গেই তাকে প্রশ্ন করা হয়-তরুণরা কি প্রেমের ক্ষেত্রে কিছুটা হালকা মনোভাবাপন্ন? একজন পরিচালক এবং সাধারণ মানুষ হিসেবে তাদের সম্পর্ককে কীভাবে দেখেন তিনি?

জবাবে কিরণ জানান, বর্তমান প্রজন্মকে ‘হালকা’ না বলে বরং স্বাধীনচেতা বলা উচিত। তার মতে, আগের প্রজন্মের তুলনায় এখনকার তরুণদের নিজেদের অনুভূতি প্রকাশের ধরন অনেকটাই বদলে গেছে।

কিরণ বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রজন্মের তুলনায় এখনকার তরুণদের মধ্যে অনেক বেশি স্বাধীনতা। নিজেদের প্রকাশ করার ধরনও বদলে গেছে। পৃথিবীটাও এখন অনেকটা আলাদা। আমরা সেই পরিবর্তনটাই গল্পের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।’

নতুন প্রজন্মের সম্পর্কের ধরন ব্যাখ্যা করতে গিয়ে কিরণ জানান, দুজন তরুণ-তরুণী একে অপরের প্রতি আকৃষ্ট হলেও তারা কোনো সম্পর্কে আবদ্ধ নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে তারা পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেবে, সেখান থেকেই তৈরি হতে পারে নানা অপ্রত্যাশিত ঘটনা। আর এই জায়গাটিকেই গল্পের অন্যতম আকর্ষণ বলে মনে করেন তিনি।

তার ভাষায়, ‘দুজন তরুণ-তরুণী একে অপরের প্রতি আকৃষ্ট। তারা কোনো সম্পর্কে আবদ্ধ নয়। এরপর তারা কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ। তাদের কিছু সিদ্ধান্তের কারণে হঠাৎ নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয়, এর মধ্যেই মজাটা লুকিয়ে আছে।’

আগের প্রজন্মের সঙ্গে বর্তমান সময়ের প্রেম ও সম্পর্কের পার্থক্যও তুলে ধরেন কিরণ। তার মতে, একটা সময় সামাজিকভাবে নির্দিষ্ট ধরনের সম্পর্ককেই স্বাভাবিক বলে মনে করা হতো। বিয়ের আগে শারীরিক সম্পর্কের বিষয়টি তো ছিলই না, এমনকি বিয়ের পরও সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিক ঘনিষ্ঠতাকে সহজভাবে দেখা হতো না।

এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমাদের সময়ে মানুষের কাছ থেকে নির্দিষ্ট ধরনের সম্পর্কেরই প্রত্যাশা করা হতো। বিয়ের আগে শারীরিক সম্পর্ক তো ছিলই না, এমনকি বিয়ের পরেও সেই সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়াকে সহজভাবে দেখা হতো না। এখন সেই পরিস্থিতি আর নেই।’

নতুন প্রজন্মের প্রেম ও সম্পর্কের এই পরিবর্তনই নিজের কাজের মাধ্যমে তুলে ধরতে চান কিরণ রাও। তার মতে, সময় বদলানোর সঙ্গে মানুষের অনুভূতি প্রকাশের ধরনও বদলেছে। সম্পর্কের ক্ষেত্রে পুরোনো বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে তরুণরা যেভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করছে, সেই স্বাধীনতা ও পরিবর্তনকেই গল্পের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০৮