বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তিক্ততা ভুলে ফের জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছেন। এ যুগলের সপ্তম সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারের কাজে রাত-দিন ব্যয় করছেন। ত্রিপুরায় গিয়ে শুভশ্রীর কপালে চুমু খেয়ে আলোচনার জন্ম দেন। গতকাল সেখান থেকে কলকাতায় ফিরেই নতুন করে আলোচনার জন্ম দিলেন দেব-শুভশ্রী। আর তা নিয়ে মেতেছেন ভক্ত-অনুরাগীরা।
গতকাল রাতে শ্রীরামপুরে যান ‘দেশু’। আর সেখানে শুধু দেব-শুভশ্রী নয়, হাজির হয়েছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যও। সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে পারফর্মও করেন দেব। সেই সময়ের একাধিক মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, শুভশ্রী ও ইধিকার মাঝে বসা দেব। একপর্যায়ে শুভশ্রীর কপালে লেগে থাকা কিছু একটা মুছে দেন; পরে ইধিকার কপালেও লেগে থাকা কিছু একটা মুছে দেন এই সংসদ সদস্য।
‘তোর শুধু তোর’ গানে শুভশ্রীর সঙ্গে পারফর্ম করার সময় সেই চেনা কেমিস্ট্রি ধরা পড়ে। হাঁটু মুড়ে বসে শুভশ্রীর হাতে চুমু খান দেব। এ দৃশ্য দেখে চিৎকারে ফেটে পড়েন উপস্থিত সকলে। ‘ইলিশ চন্দনা’ গানে ইধিকার সঙ্গে নাচ করেন দেব। তখন হাত ধরে শুভশ্রীকেও মঞ্চের মাঝে টেনে আনতে দেখা যায় তাকে।
এ মঞ্চে ‘দেশু ৭’ সিনেমায় শুভশ্রীকে নায়িকা হিসেবে নেওয়ার কারণ ব্যাখ্যা করে দেব বলেন, “শুভশ্রী যদি ‘দেশু ৭’-এর টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। ‘দেশু ৭’ সিনেমায় নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই।”
দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি দেবের। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা—বক্স অফিসে একাধিক বাংলা সিনেমার রেকর্ড ভেঙে দেবে ‘দেশু ৭’।
দেব-শুভশ্রীকে নিয়ে যেভাবে চর্চা করছেন নেটিজেনরা, তা নিয়ে ভীত দেব। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আজকাল প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছি। দুজনে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছে না আশেপাশের মানুষজন। আমাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে প্রচার করতেও ভয় পাচ্ছি।”
একসময় বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করেছেন দেব-শুভশ্রী। বেশ আগে প্রেমের সম্পর্কের ইতি টেনে নিজেদের আলাদা আলাদা পথ বেছে নেন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। এটি তাদের সপ্তম সিনেমা। এজন্য সিনেমাটির নাম রেখেছে—‘দেশু ৭’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে এটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available