অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট।
৫ জুন শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে কথন, গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো এ উৎসব শুরু হয়।
ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে কথন উপস্থাপন করেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল।
উৎসবের প্রথম দিনের মূল আয়োজন ছিল ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’ শীর্ষক পরিবেশনা। এতে কবি নজরুলের স্বদেশপ্রেম, সংগ্রামী চেতনা এবং মানবমুক্তির বাণী বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের নেপথ্য কণ্ঠে নজরুলের জীবন ও সংগ্রামের নানা অধ্যায়ের বর্ণনা শোনা যায়। ডালিয়া আহমেদ ও আশরাফুল হাসান বাবুর আবৃত্তিতে ‘১৯২১-এর ডিসেম্বর’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘নদী’ কবিতার অংশ দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী ধর, প্রমিতা দেব এবং মিরাজুল জান্নাত সোনিয়া। তাঁদের কণ্ঠে ‘ভায়ের দোরে ভাই কেঁদে যায়’, ‘নমঃ নমঃ নমো বাংলাদেশ মম’ এবং ‘যবে উৎপীড়িতের ক্রন্দনরোল’ গানগুলো দর্শকদের আবেগাপ্লুত করে।
এছাড়া ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘জাগো অনশন বন্দী ওঠ রে যত’ এবং ‘সাম্যের কবি’সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নজরুলের সাম্যবাদী ও বিপ্লবী চেতনা তুলে ধরা হয়। খায়রুল আনাম শাকিল, ডালিয়া আহমেদ ও আশরাফুল হাসান বাবুর সম্মিলিত আবৃত্তিতে কবির সংগ্রামী কণ্ঠস্বর নতুনভাবে প্রতিধ্বনিত হয়।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ঐশ্বর্য সমাদ্দার, নন্দিতা দাশ দিশা, শরিফুর রহমান, শর্মিষ্ঠা দাশ, রুদ্র দাস, সুমন মজুমদার, নাসিমা শাহীন ফ্যান্সী, ইয়াসমিন মুশতারী ও প্রিয়াংকা গোপ। পাশাপাশি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মেলক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
নজরুলের অগ্নিঝরা চেতনা, প্রেম এবং মানবমুক্তির বার্তায় মুখর হয়ে ওঠে ছায়ানট মিলনায়তন। ‘ঝড় এসেছে ঝড় এসেছে’ এবং ‘তোরা দেখে যা আমিনা’ গান দুটির দলীয় পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উৎসবের প্রথম দিনের আয়োজন।
দুই দিনব্যাপী এই নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠান শনিবার একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available