• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৫:৫৩ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৬:২৮

কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক জায়েদ খান মানেই যেন বাড়তি আকর্ষণ। দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় নতুন সিনেমার মিশনে নেমেছেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতা এবার যুক্ত হয়েছেন কামাল হোসেন পরিচালিত ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায়। দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি ও সামাজিক নানা অবক্ষয়ের উপর নির্মিত হবে সিনেমাটি। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন অধরা খান ও শিরিন শিলা।

সম্প্রতি কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত। এতে পরিচালকসহ সিনেমাটির অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানের পর অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। সেই ছবি অভিনেতার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, কানাডার মাটিতে পূর্ণাঙ্গ বাংলা সিনেমার শুটিং এবারই প্রথম হতে যাচ্ছে। এ কারণে সিনেমাটি নিয়ে তার প্রত্যাশাও অনেক বেশি। নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, কানাডায় পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হওয়াটা বড় একটি বিষয়।

জানা গেছে, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই ‘ভায়োলেন্স’-এর গল্প সাজানো হয়েছে। প্রবাসী দর্শকদের কাছে বাংলা সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলতে গল্প ও নির্মাণে আধুনিকতার ছোঁয়া থাকবে। সিনেমাটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হবে।

কানাডায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ‘ভায়োলেন্স’-এর শুটিং শুরু হবে। কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির বড় পরিসরের শুটিং হবে বলে জানা গেছে।

সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জায়েদ খান, অধরা খান ও শিরিন শিলা, প্রবাসী সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ।

প্রসঙ্গত, জায়েদ খান ও অধরা খান এর আগে পৃথকভাবে একাধিক সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম তারা জুটি হিসেবে পর্দায় আসছেন। তাদের সঙ্গে থাকছেন শিরিন শিলা। দুই নায়িকাকে ঘিরে জায়েদ খানের নতুন এই সিনেমা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

কানাডার প্রেক্ষাপটে বাংলা সিনেমার গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতি- সব মিলিয়ে ‘ভায়োলেন্স’ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা শুটিং শুরুর।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:২১


পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
পর্যটন মন্ত্রীর গাড়ি উল্টোপথে, মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:১৫