বিনোদন ডেস্ক: অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার সিনেমার প্রথম গান ‘পিরিতি’।
১২ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পূর্ব ঘোষণা অনুযায়ী গানটি প্রকাশ করা হয়।


গানটির পুরো দৃশ্য ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা…’

গানটিতে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও ভাঙাচোরা লুকে। তবে কী কারণে তার চরিত্রটি জেলে গেছে, সেটি এখনো প্রকাশ করা হয়নি।
প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছে গানটি। দর্শকদের কেউ লিখেছেন, ‘জনরা অনুযায়ী একদম পারফেক্ট’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘অসাধারণ গান, সঙ্গে এক্সপ্রেশন ও অভিনয়।’
আরেকজন লিখেছেন, ‘শাকিব খান তো রীতিমতো চমকে দিচ্ছেন, পুরো দস্তুর অভিনেতা। কী এক্সপ্রেশন! কী অভিনয়!’
পিরিতি গানের কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।
সিনেমাটিতে এবার কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের প্রয়োজনে নিজের লুকেও বড় পরিবর্তন এনেছেন তিনি। এমনকি কমিয়েছেন ওজনও।
গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই নতুন এই লুকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মেও টিজারটি আলোচনায় আসে।
নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে। তার ভাষ্য, সংগীতের সঙ্গে নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের গল্প থেকেই এই সিনেমার ভাবনা এসেছে।
‘রকস্টার’ এর বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available