• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:০৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:১৭

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া দেশের অনগ্রসর আরও নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে, যা দেশের শতভাগ ছাত্রী। এর ফলে বর্তমানে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার (প্রায় এক কোটি)। পাশাপাশি প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম)-এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

এর মূল লক্ষ্য হলো— দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক। এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের সেই যে ধারাবাহিক অগ্রগতি সাধিত হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। এ কারণে নারী শিক্ষার প্রসারে তাঁর এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে। শিক্ষা খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু দূরদর্শী ও সফল উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার পদক্ষেপগুলো নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করছে।’

আরও পড়ুন

এবার নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ব্যয় হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা

আরও পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, মূল মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত রেখে স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে। তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে জুন ২০২৬ পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা, যা আর্থিক অগ্রগতি হিসেবে ৭৪ শতাংশ।

২০২৬-২৭ অর্থবছরে এই স্কিমের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা, এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কর্মসূচির আওতায় উপকারভোগী ছিলেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী; যার মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার জন। চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ছাত্রী ৭৩ লাখ ২২ হাজার এবং ছাত্র ২৬ লাখ ১২ হাজার জনসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।

আরও পড়ুন

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।’

উপবৃত্তি কর্মসূচি কাঠামোর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরে সকল ছাত্রীদের উপবৃত্তি চালু হয়।

পরবর্তীতে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শতভাগ উপবৃত্তি চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর ওপর থেকে মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত আর্থিক চাপ লাঘব হবে। পাশাপাশি সমাজে বাল্যবিবাহ রোধ, নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং এসডিজি-৪ অর্জন আরও বেগবান ও ত্বরান্বিত হবে।’

অগ্রাধিকার পাবে যারা

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি’র আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ে ছাত্রীরা বাদ পড়বেন না; তথ্যভান্ডার ও গবেষণার জন্য এ তথ্য নেওয়া হবে।

অসচ্ছল পরিবারের ছেলেদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে। বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।

শতভাগ উপবৃত্তি পাবে ২২ উপজেলায়

তথ্য অনুযায়ী, দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরও ১২টিসহ মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন। উপজেলাগুলো হলো— নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা উপজেলা।

স্কিম অনুযায়ী, উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।

জিটুপি পদ্ধতিতে যাবে অর্থ

স্কিম জানিয়েছে, জন্ম নিবন্ধন, এনআইডি ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই শেষে আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ যাবে। পুরনো ছাত্রীদের নতুন হিসাব লাগবে না; নতুনদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম দিয়ে কেওয়াইসি অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলে ১৮ বছর বয়সে হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, ‘জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে; সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’ তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আছে চ্যালেঞ্জও

স্কিম সংশ্লিষ্টরা জানান, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার পাশাপাশি বিনাবেতনে পড়ার সুযোগ দিতে টিউশন ফি সুবিধা চালু করছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই ক্রয়ের অর্থ প্রদানে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। রাজধানী ঢাকাসহ সব বিভাগীয়, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের শতভাগ ছাত্রী এবং দরিদ্র ও মেধার ভিত্তিতে বাছাইকৃত ছাত্ররা এসব সুবিধা পাবে।

তবে রাজধানী ঢাকার নামীদামী ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা থাকায় তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহা রয়েছে, এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এ বিষয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বলেন, ‘ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো— যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নেয়, তারা অনেক সময় উপবৃত্তির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।’ বিষয়টি কার্যকর করতে একটি বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, এ কর্মসূচিতে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা নির্ধারিত রয়েছে। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই ক্রয় বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং শিক্ষার্থীপ্রতি বাৎসরিক ব্যয় ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা ধরা হয়েছে। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৫:৪৮


অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নিলয়!
২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:২৪