অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সংগঠনটির সব ইউনিটকে পরীক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ জুলাই মঙ্গলবার সংগঠনটির সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন কর্মসূচি পালন করছেন।
সংগঠনটির দাবি, বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার মতো নানা সমস্যার মুখোমুখি। এ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, তারা সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছে।
এছাড়া সংগঠনটির মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে নৈতিক সহায়তা ও সংহতি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট সব পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available