• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫১:৪২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

২৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩২

এবার নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের ৩টি নতুন সরকারি মেডিকেল কলেজ।

এগুলো হলো- রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। ৩টি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদ করা আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

গত ২২ নভেম্বর রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের ২টি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে বিদ্যমান চিকিৎসাসেবা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ মোট ১০৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৪০ টি ও বেসরকারি ৬৮টি। এছাড়াও আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে শুরু ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন

পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ২৭০ টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১টি আসন রয়েছে। এছাড়াও নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।

সেনাবাহিনী পরিচালিত ৫টি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে ৫টি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি।

এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

আরও পড়ুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ